বিকাল ৪:২০ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল। পূর্ণকালীন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাউশির মহাপরিচালক পদে নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি রুলসের বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

অধ্যাপক খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির আহ্বায়ক এবং বিসিএস ১৬তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা ক্যাডারের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সময় রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে পদায়ন থেকে বঞ্চিত ছিলেন। পরবর্তীতে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে মাউশির পরিচালক (মাধ্যমিক) হিসেবে পদায়ন করা হয়। এরপর থেকেই তিনি শিক্ষা প্রশাসনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সর্বশেষ, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।