শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি সিসিটিভি নজরদারির মধ্যেই সারা দেশে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনেই কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবার প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষাকেন্দ্রের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার নিয়ন্ত্রণ ও তথ্য সংরক্ষণ ব্যবস্থা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যার মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্দেশনা অনুযায়ী, সিসিটিভিতে ধারণ করা ভিডিও সংরক্ষণ করে প্রতি সাত দিন পর পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা জানিয়েছে, প্রথম দিনের পরীক্ষা এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা পৌনে বারোটার দিকে বোর্ডের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান, “পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, কোনো বিশৃঙ্খলার খবর নেই।”
তিনি আরও বলেন, মন্ত্রণালয় সিসিটিভির মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি রাখা হয়েছে।
সকাল ১০টা থেকে একযোগে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে শুরু হওয়া এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।
প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।








