উচ্চশিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ও মালয়েশিয়া। সোমবার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে দুই দেশের প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, বৈঠকগুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক সম্প্রসারণ এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
প্রথমে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধির আগ্রহও প্রকাশ করেন।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যৌথ উদ্যোগ বাড়লে শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
পরে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় দুই দেশের শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা উন্নয়নে মালয়েশিয়ার অভিজ্ঞতা বিশ্বব্যাপী স্বীকৃত। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।
বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকেও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ জানানো হয় এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।








