সকাল ৬:০৮ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

এইচএসসি ভর্তি সহায়তার আবেদন বাড়ল ৭ মে পর্যন্ত

উচ্চ-মাধ্যমিক ও সমমান পর্যায়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন সময়সীমা আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। সময়সীমা বাড়ানোর ফলে আরও বেশি শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর-এর অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন। আগ্রহীদের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে; কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।

ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীদের নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে-আগের শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে অন্তত ৩.৫০ অর্জনের প্রমাণ। এছাড়া আবেদনকারীর অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার নিচে হতে হবে।

বিশেষ অগ্রাধিকার পাবে এতিম, প্রতিবন্ধী, দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানরা-যাদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, এক কপি ছবি এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্য আপলোড বাধ্যতামূলক।

আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময় (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।