রাত ৪:০১ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

জাল সনদে নিয়োগ: এমপিওভুক্ত ১১৭ শিক্ষকের এমপিও বাতিল, ফেরত দিতে হবে বেতন

এনটিআরসিএর তদন্তে শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ায় দেশের এমপিওভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৭ জন শিক্ষকের এমপিও (মাসিক বেতন-ভাতা) বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং ইতোমধ্যে উত্তোলিত সরকারি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এনটিআরসিএর ৩০ মার্চের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে দেখা যায়, অভিযুক্ত শিক্ষকদের নিবন্ধন সনদ এনটিআরসিএর সংরক্ষিত ফলাফলের সঙ্গে মিল নেই। কিছু ক্ষেত্রে অন্যের রোল নম্বর ও ছবি ব্যবহার করে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।

বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষক রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এমপিও বাতিল করা হয়েছে। একইভাবে কারিগরি শিক্ষকদের ক্ষেত্রেও পৃথক নীতিমালার বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া সংশ্লিষ্ট উপসচিব আব্দুল হান্নান পৃথক নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত এমপিও স্থায়ীভাবে বন্ধ, সরকারি অর্থ ফেরত আদায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অনিয়মের ক্ষেত্রে ভবিষ্যতেও শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।