সকাল ৬:০৮ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি ওয়াশিংটনের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি।” একই সঙ্গে তিনি জানান, ইরান পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র এখনো যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে।

হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ ‘প্রজেক্ট ফ্রিডম’ এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র আত্মরক্ষার নীতির আওতায় কাজ করছে এবং আগ্রাসন নয়, প্রতিরক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়েছি, নিজেদের রক্ষা করব এবং প্রয়োজন হলে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাব। সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নেবেন।”

ইরানের কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, তেহরান আন্তর্জাতিক নৌপথে বেসামরিক জাহাজকে হয়রানি করছে এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, “এটি কোনো একক দেশের নিয়ন্ত্রণাধীন নয়। এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য উন্মুক্ত একটি আন্তর্জাতিক জলপথ।”

হেগসেথ আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সাময়িক এবং এর উদ্দেশ্য কেবল বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি মিত্র দেশগুলোকেও এই দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা চাই না কোনো দীর্ঘমেয়াদি সংঘাত তৈরি হোক। আমাদের লক্ষ্য পরিস্থিতি স্বাভাবিক করা এবং নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা।”