যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ক্ষেত্রে ইরানের ইউরেনিয়াম মজুত এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়াম অপসারণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি। বর্তমানে যুদ্ধবিরতি চলছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ না হওয়া পর্যন্ত এই সংঘাত চলবে।”
ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, সামরিক কৌশল বা পরিকল্পনা নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে তিনি দাবি করেন, ইরান এখনো গোপন স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা প্রায় ৬০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই মাত্রা ৯০ শতাংশে পৌঁছালে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য হতে পারে।
এই ইস্যু ঘিরে গত বছর থেকেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ইউরেনিয়াম মজুত নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে একাধিক আলোচনা হলেও কোনো স্থায়ী সমঝোতা হয়নি।
চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতির ঘোষণা এলেও পরবর্তী সময়ে নতুন করে আলোচনা ব্যর্থ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নেতানিয়াহু আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা পুরোপুরি শেষ হয়নি, এবং পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।
তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে কোনো চুক্তি হলে কূটনৈতিকভাবে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার সুযোগ থাকতে পারে, তবে সামরিক পদক্ষেপের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বিশ্লেষকদের মতে, এই ইস্যু এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করছে, যার সমাধান না হলে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে।








