থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেন ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মী ও পুলিশ।
শনিবার (১৬ মে) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।
উদ্ধারকর্মীরা জানান, সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশের অন্যান্য যানবাহন-ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলেও ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনের ভেতরে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।








