মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া।
বুধবার (২০ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক যৌথ শীর্ষ সম্মেলনের বিবৃতিতে এ সমালোচনা উঠে আসে।
বিবৃতিতে বলা হয়, ভূমি ও মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে অবস্থানেরও সমালোচনা করা হয়।
চুক্তির মেয়াদ সম্প্রতি শেষ হওয়ার পর রাশিয়া সময় বাড়ানোর প্রস্তাব দিলেও ওয়াশিংটন সাড়া দেয়নি বলে দাবি করা হয়।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে চীন ও রাশিয়া এক অবস্থান নিলেও গুরুত্বপূর্ণ কিছু কৌশলগত চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে জ্বালানি সহযোগিতা ও গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে।
এদিকে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও চীন নিজেকে বৈশ্বিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে মন্তব্য করা হচ্ছে।








