যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবজনিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আটকে থাকা ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ উদ্ধারে জরুরি অভিযান শুরু করেছে ভারত।
ভারতের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার শর্মা এএফপিকে জানান, আটকে পড়া জাহাজগুলো নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এই অভিযানের মূল লক্ষ্য।
আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে একটি এলপিজি ট্যাংকার, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার, ৩টি কন্টেইনার জাহাজ, ২টি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভারতের দূতাবাস এবং সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
এদিকে “নিসোস কেরোস” নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ইতোমধ্যে হরমুজ প্রণালি থেকে বের হয়ে ভারতের বিশাখাপত্তমের দিকে রওনা দিয়েছে। জাহাজটিতে প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল রয়েছে।
অভিযানে থাকা জাহাজগুলোতে মোট প্রায় ৩ হাজার ৪০০ জন নাবিক ও ক্রু রয়েছেন বলে জানা গেছে। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম অগ্রাধিকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা এবং নাবিকদের নিরাপদ ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
সূত্র : এএফপি, গালফ নিউজ








