মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটাতে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি ইতোমধ্যে তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রস্তাবের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা না হলেও, ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এতে অন্তত দুটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এর মধ্যে একটি হলো—ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং অন্যটি—হরমুজ প্রণালি থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনেও প্রস্তাবের কিছু দিক উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানানো হয়, চুক্তির শর্ত অনুযায়ী ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে এবং বর্তমানে মজুদ থাকা বিশুদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে।
United Nations-এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০ শতাংশ।
এছাড়া হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা ট্রাম্পের প্রস্তাবে বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সূত্রগুলো। তারা বলছে, ইরান যদি প্রণালি থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়, তাহলে দেশটির ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনাও রয়েছে।
আরও বলা হয়েছে, ইরান প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিলে যুক্তরাষ্ট্র এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। এই সময়ের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তা সংস্থা এএফপি Agence France-Presse White House এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।








