অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। রোববার (২৯ মার্চ) মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার।
তিনি জানান, প্রতিদিন পাকিস্তানের দুটি করে জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে।
ইশহাক দার তার পোস্টে ইরানের এই সিদ্ধান্তকে ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এটি প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
বিশ্বের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে আরব উপসাগরীয় দেশগুলো তাদের তেল রপ্তানি করে থাকে, যা বৈশ্বিক তেল রপ্তানির প্রায় ২০ শতাংশ।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে এবং সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় ইরানি প্রেসিডেন্ট জানান, কোনো শান্তি আলোচনা শুরুর আগে পারস্পরিক আস্থা তৈরি জরুরি, কারণ যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নেই।








