ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত থাকলে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ-এর সঙ্গে ফোনালাপে তিনি বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি সরাসরি ইরান যুদ্ধের প্রভাবের সঙ্গে সম্পর্কিত। যুদ্ধ চলতে থাকলে এই গুরুত্বপূর্ণ নৌপথে স্থিতিশীলতা ফিরবে না। একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
এর আগে বেইজিংয়ে চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর যৌথ বিবৃতিতেও মধ্যপ্রাচ্যে দ্রুত যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পঞ্চম সপ্তাহে গড়িয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। পরে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল ও মার্কিন স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে।
শুরু থেকেই চীন এই সংঘাতের বিরোধিতা করে আসছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিয়ে আসছে।








