বিকাল ৩:২৯ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ভারত-পাকিস্তান পাল্টা হুমকি, উত্তেজনা তুঙ্গে

ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর হুঁশিয়ারির পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।

রাজনাথ সিং সতর্ক করে বলেন, ভারতে আবারও সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানকে কঠোর পদক্ষেপের মুখে পড়তে হবে। এর জবাবে খাজা আসিফ বলেন, ভারতের যেকোনো ‘দুঃসাহসিক কর্মকাণ্ডের’ জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে, এমনকি তা কলকাতা পর্যন্ত গড়াতে পারে।

জম্মু-কাশ্মিরের পেহেলগাম সন্ত্রাসী হামলার বার্ষিকীর প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে এই হুমকি-পাল্টা হুমকি নতুন করে আলোচনায় এসেছে। পাকিস্তানের মন্ত্রী দাবি করেন, ভারত ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ চালাতে পারে, তবে তার পক্ষে কোনো প্রমাণ দেননি।

অন্যদিকে ভারত এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে রাজনাথ সিং বলেন, পাকিস্তান যদি আবারও সন্ত্রাসী কার্যক্রমে জড়ায়, তাহলে ভারতীয় বাহিনী কঠোর জবাব দেবে। তিনি অতীতের সামরিক অভিযানের উদাহরণ টেনে ভারতের নিরাপত্তা নীতির কঠোর অবস্থান তুলে ধরেন।

দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন উত্তেজনাপূর্ণ অবস্থান আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।