ইরানি ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির পর টানটান উত্তেজনার মধ্যে অবশেষে হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও সামরিক হামলার হুমকি স্থগিত করেছেন।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিমুখী যুদ্ধবিরতি।”
তবে এই সিদ্ধান্তের সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্পের মতে, চুক্তির পথে বড় বাধাগুলোর বেশিরভাগই ইতোমধ্যে কাটিয়ে ওঠা গেছে।
তিনি বলেন, অতীতের বেশিরভাগ বিরোধপূর্ণ ইস্যুতেই দুই দেশ প্রায় একমতে পৌঁছেছে এবং এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিকে চূড়ান্ত রূপ দিতে সহায়ক হবে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, দীর্ঘদিনের এই সংকটের সমাধানের কাছাকাছি পৌঁছানো তার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।








