ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি থেকে সরে এসে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিতের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে CNN জানিয়েছে, ইসরায়েলও এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। একই তথ্য ইসরায়েলের সরকারি গণমাধ্যম ‘কান’-এও প্রচারিত হয়েছে।
হোয়াইট হাউসের একটি সূত্র ইসরায়েলের চ্যানেল ১২-কে জানিয়েছে, ইরান যদি হরমুজ প্রণালী উন্মুক্ত করে, তাহলেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। অর্থাৎ, প্রণালী খোলা রাখা যুদ্ধবিরতির মূল শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে এখন পর্যন্ত গোলাগুলি বন্ধ রাখার বিষয়ে প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। পাশাপাশি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তাও এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেননি।
ফলে সামগ্রিকভাবে পরিস্থিতি কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিলেও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অনিশ্চয়তা এখনো কাটেনি।








