সন্ধ্যা ৭:২৩ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বার্ষিক ক্রীড়া আয়োজন না করায় শিক্ষা প্রতিষ্ঠানকে কঠোর সতর্কবার্তা

নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হওয়ায় ঢাকা ও সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ৩১ জানুয়ারির মধ্যে প্রতিযোগিতা আয়োজনের সরকারি নির্দেশনা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা পালন করেনি। এ প্রেক্ষিতে সোমবার (১৩ এপ্রিল) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনায় ঢাকা ও সিলেট অঞ্চলের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে তালিকাভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে বার্তাটি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকা অনুযায়ী, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ীসহ ঢাকা অঞ্চলের বিভিন্ন জেলা এবং সিলেট অঞ্চলের বেশ কিছু স্কুল ও কলেজ নির্ধারিত সময়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি।

ফরিদপুরের কিছু প্রতিষ্ঠান স্থানীয় প্রতিবন্ধকতা, অর্থের অভাব এবং ক্রীড়া শিক্ষকের আকস্মিক মৃত্যুর মতো কারণ উল্লেখ করেছে। অন্যদিকে রাজবাড়ী ও মাদারীপুরের অনেক প্রতিষ্ঠান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রতিযোগিতা আয়োজন বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে।

মাউশির পক্ষ থেকে বলা হয়েছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও এ কার্যক্রমে অনীহা বা ব্যর্থতাকে গুরুত্বসহকারে দেখছে শিক্ষা প্রশাসন।