যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ হরমুজের দিকে অগ্রসর হলে তা শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজন হলে সেসব জাহাজে হামলা চালানো হবে।
এর আগে শুক্রবার প্রণালিটি খুলে দিলেও যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করায় আবারও তা বন্ধ করে দেয় তেহরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। একই সঙ্গে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলোকে নিজ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ বলেন, “ইরানের জাহাজ চলাচলে বাধা থাকলে অন্য কোনো দেশের জাহাজও হরমুজ দিয়ে চলাচল করতে পারবে না।”








