বিকাল ৫:৪৬ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

চতুর্থ শিল্পবিপ্লবে তরুণ বিজ্ঞানীরাই ভবিষ্যৎ: ইউজিসি চেয়ারম্যান

তরুণ বিজ্ঞানীদের দেশ গঠনের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান ড. মামুন আহমেদ বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বিশাল জনমিতিক সুবিধা বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। এই বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে তারা উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান শক্তি হয়ে উঠবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তুলে ইউজিসি চেয়ারম্যান বলেন, এটি এখন আর কল্পবিজ্ঞান নয়; বরং স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করছে। তবে এর দ্রুত বিকাশ কর্মসংস্থান, নৈতিকতা ও তথ্য নিরাপত্তার মতো নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।

তিনি জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইউজিসি গবেষণা পরিবেশ শক্তিশালী করতে কাজ করছে। এ সময় বিভিন্ন গবেষণা প্রকল্প ও নেটওয়ার্কের সুযোগ কাজে লাগাতে গবেষক ও বিজ্ঞানীদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সভাপতিত্ব করেন একাডেমির সহ-সভাপতি প্রফেসর ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম। এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।