২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ সোমবার (৬ এপ্রিল) থেকে শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে (ইএসআইএফ) রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সাল বা তার আগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সময়সীমা ২০২০ সাল পর্যন্ত প্রযোজ্য। পরীক্ষার্থীরা মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। ব্যবহারিক বিষয় (আইসিটি ছাড়া) এবং চতুর্থ বিষয় গ্রহণের সুযোগ থাকবে না।
প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডের অধীনে ১৬টি সরকারি কলেজ নির্ধারণ করা হয়েছে। এসব কলেজের যেকোনো একটির মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। তবে শিক্ষক, পুলিশ, প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।
রেজিস্ট্রেশনের জন্য এসএসসি নম্বরপত্রের সত্যায়িত কপি, চারিত্রিক সনদ ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ১৫ এপ্রিলের মধ্যে পূরণ করা ফরম বোর্ডে জমা দিতে হবে।
বোর্ড জানিয়েছে, রেজিস্ট্রেশন কার্ড ২২ এপ্রিল সংগ্রহ করতে হবে এবং কোনো ভুল থাকলে ২৩ এপ্রিলের মধ্যে সংশোধন করতে হবে। নির্ধারিত কেন্দ্র পরিবর্তনের সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।









